হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান হতে যাচ্ছে। উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের গুরুত্বপূর্ণ একটি কাঁচা সড়ক পাকাকরণের কাজ শুরু হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নেত্রী শাম্মী আক্তার শপথ গ্রহণের পরপরই এ উন্নয়ন কার্যক্রমের উদ্যোগ নেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাটের আমুরোড থেকে গোছাপাড়া হয়ে চুনারুঘাট সড়ক পর্যন্ত এই পথটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হন।
এ প্রেক্ষাপটে নবনির্বাচিত সংসদ সদস্য শাম্মী আক্তারের উদ্যোগে সড়কটি পাকাকরণের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, এই সড়কটি পাকা হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে।
এলাকাবাসী সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই এমন উদ্যোগ গ্রহণ করায় তারা আশাবাদী যে ভবিষ্যতে এলাকায় আরও উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হবে।
সংসদ সদস্য শাম্মী আক্তার বলেন, জনগণের কষ্ট লাঘব করাই তার প্রধান লক্ষ্য। তিনি পর্যায়ক্রমে চুনারুঘাটের অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
খন্দকার আলাউদ্দিন: 

















