হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০ নম্বর মিরাশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব মো. আব্দুল মনাফ মিয়া। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন এবং দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নবাসীর সেবা করতে চান তিনি।
আব্দুল মনাফ মিয়া উপজেলার মিরাশী ইউনিয়নের আসলা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম আব্দুল হানিফ মেম্বার একাধিকবার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। বাবার জনসেবামূলক কর্মকাণ্ড ও আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতিতে যুক্ত হন বলে জানান।
তিনি ১৯৮৭ সালে চুনারুঘাট দক্ষিণাচরণ পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৮৯ সালে চুনারুঘাট সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯৮৭ সালে ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরে যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন তিনি।
২০০৩ সালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে মিরাশী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আব্দুল মনাফ মিয়া। প্রায় ১০ বছর জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে স্থানীয় সমস্যা সমাধান, সামাজিক বিরোধ নিষ্পত্তি, বিচার-সালিশ ও জনসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখেন বলে তাঁর সমর্থকেরা জানিয়েছেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বৃহত্তর পরিসরে জনসেবা করার লক্ষ্যে ২০১১ সালে এবং ২০২১-২০২২ সালে নির্বাচনে অংশ নেন তিনি। তবে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি ও বাস্তব সীমাবদ্ধতার কারণে প্রত্যাশা অনুযায়ী নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারেননি বলে তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, চুনারুঘাট থানা ছাত্রদলের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক, মিরাশী ইউনিয়ন যুবদলের সভাপতি এবং চুনারুঘাট থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া চুনারুঘাট থানা বিএনপির সদস্য, মিরাশী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সহসভাপতি এবং ২০১৩-২০১৪ সালে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্বও পালন করেন তিনি।
তাঁর দেওয়া জীবনবৃত্তান্ত অনুযায়ী, বর্তমানে তিনি মিরাশী ইউনিয়ন বিএনপির সহসভাপতি, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং চুনারুঘাট উপজেলা বিএনপির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান আব্দুল মনাফ মিয়া। তাঁর প্রত্যাশা, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থন নিয়ে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নে ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা, দুর্নীতি প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবেন।
আব্দুল মনাফ মিয়া বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। দলীয় মনোনয়ন পেলে মিরাশী ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়নে কাজ করতে চান। এ জন্য তিনি দলীয় নেতাকর্মী, ইউনিয়নবাসী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
ফারুক তালুকদার, চুনারুঘাট : 














