বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চুনারুঘাট পৌর যুবদল।
আজ বৃহস্পতিবার বিকেলে চুনারুঘাট পৌর যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম মাসুমের নেতৃত্বে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুর রহমান তরফদার আবিদ।
এছাড়াও এ সময় উক্ত স্কুলের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, পৌর যুবদল, উপজেলা যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এডভোকেট মীর সিরাজ বলেন, শহীদ জিয়ার হাতে গড়া যুবদল সবসময় দেশ ও পরিবেশের কল্যাণে কাজ করে। পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বাড়াবে। এজন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
স্কুলের শিক্ষকদের পক্ষ থেকে পৌর যুবদলের এই উদ্যোগকে স্বাগত জানানো হয়।
পৌর যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম মাসুম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতায় সুন্দরভাবে আমাদের কর্মসূচি সম্পন্ন হয়েছে। সবুজ বাংলাদেশ গড়তে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সাজিদুল ইসলাম : 


















