সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় সিগারেটসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদশাবাজার এলাকায় অভিযান চালায়।
এ সময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ২৮০ প্যাকেট ভারতীয় সিগারেট, ১৮৩ পিস নিভিয়া লোশন ও ২০টি কম্বল জব্দ করা হয়। এসব পণ্যের জব্দমূল্য ১১ লাখ ৮৫ হাজার ২০০ টাকা।
এ ছাড়া একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় গুয়াবাড়ি ও লোভাছড়া বিওপির পৃথক আভিযানিক টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় চারটি মহিষ ও ১২০ বিড়া খাসিয়া পান জব্দ করা হয়। এসব পণ্যের জব্দমূল্য ৫ লাখ ৮৬ হাজার টাকা।
বিজিবি জানায়, পৃথক অভিযান দুটিতে জব্দ করা মালামালের সর্বমোট মূল্য ১৭ লাখ ৭১ হাজার ২০০ টাকা। জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেট প্রতিনিধি : 

















