হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের কর্মকর্তাদের বিরুদ্ধে চা-পাতা চুরিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর এক সম্পাদককে ডেকে নিয়ে চাঁদাবাজির অভিযোগে আটক করে পুলিশের হাতে সোপর্দ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আটক ব্যক্তির নাম শাহ মো. হুমায়ুন কবির (৬৫)। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনীপাড়া গ্রামের মৃত মো. সুরুজ আলী শাহের ছেলে।
বাগানের প্রধান করণিক মো. ইফতেকার আলম চৌধুরীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে মাধবপুর থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাঁকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর দুপুর ১টার দিকে তেলিয়াপাড়া চা-বাগানের ৩ নম্বর সেকশনের খেজুরগাছের সামনে সড়কে বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহ উদ্দিন আহমেদের কাছে মাসিক পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন হুমায়ুন কবির। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাগান ও ন্যাশনাল টি কোম্পানির বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রকাশ এবং বাগানে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন কবির। তাঁর দাবি, ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতি ও অনিয়ম নিয়ে তিনি এর আগে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছেন। বুধবার দুপুরে আসন্ন চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে সংবাদ সংগ্রহের জন্য তেলিয়াপাড়া চা-বাগানে গেলে পূর্বে প্রকাশিত সংবাদের জের ধরে তাঁকে বাগান কার্যালয়ে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, হুমায়ুন কবিরকে তেলিয়াপাড়া চা-বাগানে আটক রেখে থানায় খবর দেওয়া হয়। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হলে বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, সংবাদ প্রকাশের জেরে একজন সম্পাদককে চাঁদাবাজির অভিযোগে আটক করার ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মাধবপুর প্রতিনিধি: 









