হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা ভিত্তিক কৃষিঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক, সিলেটের উদ্যোগে কৃষি ঋণগ্রহীতাদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উত্তরা ব্যাংক পিএলসি, সিলেটের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের অতিরিক্ত পরিচালক সুধাংশু রঞ্জন দেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর, বাংলাদেশ কৃষি ব্যাংকের হবিগঞ্জ মুখ্য আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক রাজীব চন্দ্র সাহা, চুনারুঘাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দিপংকর পাল, সোনালী ব্যাংক পিএলসি, হবিগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. এনামুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিশির কানু, চুনারুঘাট উত্তরা ব্যাংক পিএলসি’র শাখার ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম, চুনারুঘাট সোনালী ব্যাংকের ব্যবস্থাপক রাজীব রায়,জনতা ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল কুদ্দুছ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক বীরাজ চক্রবর্তী, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আলমগীর, ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান এবং উপজেলার অন্যান্য তফসিলি ব্যাংকের ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক, সিলেটের অতিরিক্ত পরিচালক সুধাংশু রঞ্জন দেব বলেন-কৃষকদের সহজ শর্তে ও স্বল্প সুদে কৃষিঋণ গ্রহণের সুযোগ, ঋণপ্রাপ্তির প্রক্রিয়া এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রাতিষ্ঠানিক ঋণ পেতে সরকার কাজ করে যাচ্ছে। যাতে করে একজন কৃষক ঋণ গ্রহণ করে স্বাবলম্বী হতে পারে।
পাশাপাশি কৃষকদের মধ্যে প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক, সিলেট এবং চুনারুঘাট উপজেলায় অবস্থিত বিভিন্ন তফসিলি ব্যাংকের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সমন্বয়কারী ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে উত্তরা ব্যাংক পিএলসি, চুনারুঘাট শাখা।
চুনারুঘাট প্রতিনিধি: 









