হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নের সর্বদক্ষিণে অবস্থিত জালুয়াবাদ গ্রামের বাসিন্দা খায়রুল মিয়াকে ঘিরে সংঘটিত হৃদয়বিদারক হত্যাকাণ্ডে এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। গত ২৩ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন খায়রুল মিয়া। ঘটনার পর থেকে নিহতের পরিবার আজও বিচার ও ন্যায়বিচারের আশায় দিন গুনছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খায়রুল মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় আলামিন মিয়া ও সুজন মিয়া সরাসরি জড়িত বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, অভিযুক্তদের ছুরিকাঘাতেই গুরুতর আহত হন খায়রুল এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিযুক্তরা এখনো আইনের আওতার বাইরে রয়েছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে দক্ষিণ শাহপুর বাজারে খায়রুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার প্রায় এক মাস অতিবাহিত হলেও প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরেও তারা এখনো সঠিক বিচার পাননি। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে অভিযুক্ত আলামিন ও সুজনকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহতের পরিবারের সদস্যরা বলেন, “আমরা আমাদের স্বজন হত্যার বিচার চাই। দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে, ঘটনাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে পরিবার ও এলাকাবাসীর প্রত্যাশা, প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করবে প্রশাসন।
মো. আনোয়ার হোসেন, মাধবপুর : 

















