হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং সহশিক্ষা কার্যক্রমে সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়াম প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা ও বিশিষ্ট সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা হয়। পরে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অতিথিরা তাদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে তৌফিক আনোয়ার বলেন, কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের নেতৃত্ব দেবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার ধারাবাহিক সাফল্য ধরে রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কৃতি শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আব্দুর রাজ্জাক রাজু, চুনারুঘাট : 












