হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৬৮ শতাংশ। উপজেলায় সাধারণ কলেজের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ২৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫৭১ জন। অন্যদিকে আলিম পরীক্ষায় চারটি মাদ্রাসা থেকে ১১৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮১ জন। আলিমে পাসের হার ৬৮ দশমিক ০৬ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চুনারুঘাট সরকারি কলেজ থেকে ৯৩৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪৫৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪জন। পাসের হার ৪৮ দশমিক ৭৭ শতাংশ।
গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৪৫ জনের মধ্যে পাস করেছে ৪৭ জন, পাসের হার ৩২ দশমিক ৪১ শতাংশ। পঞ্চাশ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৭ জনের মধ্যে পাস করেছে ৫ জন, পাসের হার ২৯ দশমিক ৪১ শতাংশ।
এ ছাড়া মাসুদ চৌধুরী হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮৩ জনের মধ্যে ২৪ জন, আমুরোড উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৮১ জনের মধ্যে ২৩ জন এবং জাহানারা চৌধুরী মহিলা কলেজ থেকে ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন উত্তীর্ণ হয়েছে।
সাধারণ কলেজগুলোতে মোট জিপিএ-৫ পেয়েছে ৪ জন।
অন্যদিকে আলিম পরীক্ষায় হাজী আলীম উল্লা সিনিয়র মাদ্রাসা থেকে ৫৬ জনের মধ্যে ৩৬ জন, চাটপাড়া ফাজিল মাদ্রাসা থেকে ২২ জনের মধ্যে ১১ জন, দারুল ইসলাম রাহমানিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৩৩ জনের মধ্যে ৩০ জন ও জিপিএ-৫ পেয়েছে ১জন এবং শানখলা আলিম মাদ্রাসা থেকে ৮ জনের মধ্যে ৪ জন পরীক্ষার্থী পাস করেছে। আলিমে জিপিএ-৫ পেয়েছে একজন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালে জাতীয় পর্যায়ে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ এবং সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। সে তুলনায় চুনারুঘাট উপজেলায় সাধারণ কলেজের পাসের হার জাতীয় ও বোর্ডের গড় হারের চেয়ে কম।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কাওছার শোকরানা জানান, উপজেলার এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল প্রস্তুত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।
খন্দকার আলাউদ্দিন : 


















