হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিভিন্ন জনকল্যাণমূলক ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল। সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।
কর্মসূচির শুরুতে উপজেলার বিভিন্ন চা বাগানের নারী চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত রেইনকোট বিতরণ করা হয়। পরে চুনারুঘাট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে হতদরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠনের প্রতিনিধিদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এ ছাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের চলাচল সহজ করার পাশাপাশি তাদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠনের প্রতিনিধিসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
খন্দকার আলাউদ্দিন : 

















