হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে সবুজ মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বালুভর্তি একটি ইজিবাইক (টমটম) আটক করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার।
অভিযান সূত্রে জানা যায়, বটতলা এলাকা থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ও পরিবহনের সময় সবুজ মিয়াকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
এদিকে, একই দিনে বদরগাজী-হলহলিয়া-দেউন্দি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে বালুভর্তি একটি ইজিবাইক (টমটম) আটক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার বলেন, অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত ডেস্ক: 



















