হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় জনমনে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ মিয়ার নাম আলোচনায় উঠে আসছে।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে মারুফ মিয়া ইতোমধ্যে স্থানীয়দের কাছে পরিচিত মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন। ফলে ইউনিয়নের বিভিন্ন এলাকা, বাজার, চায়ের দোকান ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাকে নিয়ে আলোচনা চলছে।
কয়েকজন তরুণ ভোটার জানান, তারা ইউনিয়নে উন্নয়ন, স্বচ্ছতা ও আধুনিক নেতৃত্ব প্রত্যাশা করেন। তাদের মতে, নতুন প্রজন্মের প্রতিনিধিত্বকারী একজন নেতৃত্ব ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। তবে এসব মতামত ব্যক্তিগত পর্যায়ের এবং নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে ভোটারদের রায়।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক তৎপরতা এবং জনসংযোগ ততই বাড়বে। এ কারণে আগামী দিনে ইউনিয়নের রাজনৈতিক সমীকরণে আরও পরিবর্তন আসতে পারে।
এ বিষয়ে মারুফ মিয়া বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছি। জনগণ চাইলে এবং দলের সিদ্ধান্ত থাকলে ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনসেবার লক্ষ্য নিয়ে কাজ করতে প্রস্তুত আছি। মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। তবে সম্ভাব্য প্রার্থীদের জনসংযোগ ও রাজনৈতিক তৎপরতায় চুনারুঘাট উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউনিয়নে নির্বাচনী আমেজ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তি : 


















