হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে স্থানীয় যুবলীগ নেতা কে এম আনোয়ার হোসেনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তিনি দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেও আনোয়ার হোসেন কখনোই আর্থিকভাবে স্বচ্ছল ছিলেন না। স্ত্রী ও ছোট সন্তানদের নিয়ে একটি ছোট্ট ঘরে বসবাস করতেন তিনি। ডাল-ভাতেই কেটে যেত তাদের সংসার।
গত রাতে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে তাঁর একমাত্র বসতঘরে হঠাৎ আগুন লাগে। এ সময় আনোয়ার হোসেন অসুস্থ স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য বাইরে ছিলেন। ফলে ঘরে কেউ উপস্থিত না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
অসুস্থ স্ত্রীর চিকিৎসা ব্যয় সামলাতে যখন তিনি হিমশিম খাচ্ছেন, ঠিক সেই সময় এই অগ্নিকাণ্ড তাঁর জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে এনেছে। আগুনে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সবকিছুই ধ্বংস হয়ে গেছে।
স্থানীয়রা জানান, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা অন্য কোনো কারণ থাকতে পারে বলে ধারণা করা হলেও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এলাকাবাসী আরও জানান, আনোয়ার হোসেন কখনো কারো কাছে সাহায্যের জন্য হাত পাতেননি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদে থাকলেও তিনি সবসময় সাদামাটা জীবনযাপন করেছেন। তাঁর বর্তমান দুর্দশা অনেকের কাছেই অবিশ্বাস্য হলেও বাস্তবতা এটাই।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
খন্দকার আলাউদ্দিন: 










