‘নাটকে গড়ি সৃজনশীল প্রজন্ম’—এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ের ওপর তিন দিনব্যাপী ‘নাট্য কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। দেশ নাট্যগোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় নাট্যচর্চার বিভিন্ন মৌলিক বিষয়, অভিনয়শৈলী ও বাচিক চর্চা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জের দেশমঞ্চে কর্মশালার সমাপনী ও অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অভিনয়শিল্পী, নির্দেশক ও চলচ্চিত্র নির্মাতা সাইফুল জার্নাল। প্রশিক্ষক হিসেবে ছিলেন অভিনয় ও বাচিকশিল্পী এবং মাধবপুরের সৈয়দ সাঈদ উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাসরিন আক্তার।
তিন দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা নাটকের মৌলিক বিষয়, অভিনয়ের বিভিন্ন কৌশল, চরিত্র উপস্থাপন, বাচিক চর্চা ও মঞ্চনাটকের নানা দিক সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ নেন।
সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি হারুন সাঁই। কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রশিক্ষক নাসরিন হক, সাইফুল ইসলাম জার্নাল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, দেশ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক মুখলিছুর রহমান, জিতু আহমেদ মাখন, আজদু নিয়াজসহ অন্যরা।
বক্তারা বলেন, নাট্যচর্চা মানুষের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস, সাংস্কৃতিক চেতনা ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।
আয়োজকরা জানান, শায়েস্তাগঞ্জে নাট্যচর্চার বিকাশ এবং তরুণ প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রাখার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও নাট্যচর্চার প্রসারে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : 



















