হবিগঞ্জের মাধবপুরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানের মিশন লাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন তেলিয়াপাড়া চা-বাগান এলাকার বরুণ ভৌমিজের ছেলে বিশ্বনাথ ভৌমিজ।
পুলিশ সূত্রে জানা যায়, জিআর মামলা নং-৩৭৯/২৫-এর ওয়ারেন্টভুক্ত আসামি বিশ্বনাথ ভৌমিজকে গ্রেপ্তারের জন্য তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই শহীদুল ইসলামের নেতৃত্বে এএসআই তরিকুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। প্রায় দুই ঘণ্টা অভিযান চালানোর পর মিশন লাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলা রয়েছে এবং ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
গ্রেপ্তারের পর তাকে মাধবপুর থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
জাহাঙ্গীর আলম জয়, মাধবপুর: 



















