হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরে দীর্ঘদিন ধরে তীব্র যানজট এখন নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। অথচ মাত্র ২ কিলোমিটার একটি বাইপাস সড়ক নির্মাণ করা হলে এই যানজট থেকে সহজেই মুক্তি মিলতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হচ্ছে হাজারো যাত্রী ও পথচারীকে। বাল্লা স্থলবন্দর সড়কের আমকান্দি অংশ থেকে ঢাকা-সিলেট মহাসড়ক-এর দেওরগাছ অংশ পর্যন্ত একটি সংযোগ বাইপাস সড়ক নির্মাণ করা হলে দীর্ঘদিনের এই যানজট সমস্যার কার্যকর সমাধান সম্ভব। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় বিষয়টি বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে রাত পর্যন্ত চুনারুঘাট বাজারসহ আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজট লেগেই থাকে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগী পরিবহনে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় নেমে এসেছে চরম ভোগান্তি।
স্থানীয়দের মতে, জেলা প্রশাসনের ইজারাকৃত বালুমহাল থেকে আসা বালুবাহী ট্রাক ও ভারী যানবাহনের অতিরিক্ত চাপ যানজটকে আরও তীব্র করে তুলছে। অনেক ক্ষেত্রে এসব যানবাহন নিয়ম-নীতি না মেনে চলাচল করায় সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, যা যানজটের অন্যতম প্রধান কারণ।
একজন স্থানীয় ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হয়। এতে ব্যবসার ক্ষতি হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, কিন্তু সমাধানের কোনো উদ্যোগ চোখে পড়ছে না।”
এদিকে সড়কে নিয়মিত ট্রাফিক পুলিশের উপস্থিতি না থাকায় পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের মতে, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হলে যান চলাচলে কিছুটা শৃঙ্খলা ফিরে আসতে পারে।
এ অবস্থায় এলাকাবাসীর জোর দাবি, দ্রুত সময়ের মধ্যে আমকান্দি থেকে দেওরগাছ পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ভারী যানবাহন নিয়ন্ত্রণ ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
স্থানীয় জনসাধারণের দাবি, দ্রুত সময়ের মধ্যে আমকান্দি থেকে দেওরগাছ (দোকানঘর) পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ করা হলে চুনারুঘাটের যানজট অনেকাংশে লাঘব হবে। পাশাপাশি ভারী যানবাহন নিয়ন্ত্রণ ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করাও জরুরি।
তাদের প্রত্যাশা দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য স্থানীয় সাংসদ এস এম ফয়সল (এমপি) সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন।
নিজস্ব সংবাদ : 



















