বানিয়াচংয়ের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা, ত্রাণ বিতরণ এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে দুর্গম এলাকায় সহায়তা পৌঁছে দেওয়ার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
সোমবার সদর দপ্তর বিজিবির নির্দেশনায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের কয়েকটি বন্যাদুর্গত গ্রামে বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে প্রায় ৪০০ পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি ২০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী এবং আরও ২০০ পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এ ছাড়া পৃথক একটি পশু চিকিৎসক দল সারাদিন কাজ করে প্রায় ১৫০টি গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রদান করে।
উদ্যোগের অংশ হিসেবে ৫৫ বিজিবি ড্রোনের সাহায্যে দুর্গম ও প্লাবিত এলাকায় শুকনো খাদ্য ও নগদ সহায়তা পৌঁছে দেয়, যা দ্রুত ও নিরাপদভাবে ত্রাণ বিতরণে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
কার্যক্রমে নেতৃত্ব দেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।
বিজিবির এ মানবিক ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের প্রশংসা করে ডিসি ড. জি. এম. সরফরাজ বলেন, এর ফলে বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে উল্লেখযোগ্য সহায়তা মিলেছে।
এসময় উপস্থিত ছিলেন বিজিবির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বন্যাদুর্গত মানুষের উদ্ধার, খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ, জরুরি চিকিৎসা সহায়তা এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
খন্দকার আলাউদ্দিন : 

















