হবিগঞ্জের বাহুবল উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মনিরুজ্জামান ফারুক বাহুবল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
সোমবার (১১ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়কের মতো ব্যস্ত সড়কগুলোতে বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ট্রাফিক আইন অমান্য এবং সচেতনতার অভাবকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে ভারী যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে মোটরসাইকেল চালানোর প্রবণতা দিন দিন বাড়ছে। অনেক ক্ষেত্রে হেলমেট ব্যবহার না করা, অপ্রাপ্তবয়স্ক চালক এবং ফিটনেসবিহীন যানবাহনও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
সচেতন মহল বলছে, শুধু আইন প্রয়োগ নয়, সড়ক নিরাপত্তা বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরি, চালকদের প্রশিক্ষণ এবং মহাসড়কে কঠোর নজরদারি বাড়ানো এখন সময়ের দাবি। নইলে প্রতিদিনই এভাবে সড়কে ঝরতে থাকবে তাজা প্রাণ।
রেজাউল খান: 

















