হবিগঞ্জ সদর উপজেলায় তালাকপ্রাপ্ত সাবেক স্বামীর এসিড নিক্ষেপ ও ছুরিকাঘাতে এক নারী শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত রুবিনা বেগম সদর উপজেলার দক্ষিণ বহুলা এলাকার বাসিন্দা এবং স্থানীয় অলিপুরে অবস্থিত প্রাণ কোম্পানির একজন শ্রমিক। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তার সাবেক স্বামী উজ্জ্বল মিয়া অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।
এ সময় সে রুবিনার মুখমণ্ডলে এসিড নিক্ষেপ করে এবং ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
হামলার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রুবিনা বেগমকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে আটক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এসিড নিক্ষেপের মতো নৃশংস ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
শেখ শাহজাহান মিয়া: 

















