হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমুরোড বাজারে স্থানীয় জনতার হাতে দেড় কেজি গাঁজাসহ সোহেল খান (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হলেও পুলিশ পৌঁছানোর আগেই তিনি কৌশলে পালিয়ে গেছেন। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় গাঁজা জব্দ করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে আমুরোড বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আমুরোড বাজারে সোহেল খানের হাতে থাকা একটি ব্যাগ সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন তা তল্লাশি করেন। এ সময় ব্যাগের ভেতর থেকে প্রায় দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তাকে আটক করে আমুরোড সুটকির বাজারে বসিয়ে রেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) তারেক নাজিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই সোহেল কৌশলে সেখান থেকে পালিয়ে যান।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় দেড় কেজি গাঁজা জব্দ করে থানায় নিয়ে যায়।
সোহেল খান উপজেলার দক্ষিণ ছয়শ্রী (বাঘাডাইয়া) গ্রামের মৃত নমির খানের ছেলে।
চুনারুঘাট থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক সোহেল খানকে আটকের চেষ্টা চলছে।
আজিজুল হক নাসির, চুনারুঘাট : 















