হবিগঞ্জের চুনারুঘাটে জমিজমা নিয়ে বিরোধের জেরে সোহাগ মিয়া (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৮ নম্বর সাটিয়াজুড়ী ইউনিয়নের সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ মিয়া ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সোহাগ মিয়া ও তার পরিবারের সঙ্গে তার চাচা খলিল মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমাও রয়েছে। এরই জেরে শুক্রবার রাতে সুন্দরপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে সোহাগকে পথরোধ করে একদল লোক হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, এ সময় খলিল মিয়াসহ কয়েকজন দেশীয় অস্ত্র ও রামদা দিয়ে সোহাগকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত সোহাগকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানা পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, সোহাগের শরীর ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।
মোঃ জামাল হোসেন লিটন : 














