আগামী পাঁচ বছরে ৫ কোটি গাছ লাগানোর জাতীয় কর্মসূচির আওতায় দেশব্যাপী একযোগে পরিচালিত বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার চুনারুঘাট পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। উদ্বোধনকালে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে চুনারুঘাট পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক চৌধুরী।
বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জাতীয় এই কর্মসূচির সফল বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
উদ্বোধন শেষে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। সংশ্লিষ্টরা জানান, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে চুনারুঘাট পৌরসভা এলাকায় পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।
ফারুক উদ্দিন চৌধুরী : 












