চুনারুঘাট উপজেলার শাইলগাছ গ্রামে ভোরের আলো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও সংগঠনটি রমজান মাসে এ আয়োজন করে।
আজ শনিবার (১৪ মার্চ) বিকেলে শাইলগাছ গ্রামে প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে ইফতারি প্যাকেট বিতরণ করা হয়। গ্রামের বিভিন্ন পেশার মানুষ—শ্রমজীবী, কৃষকসহ নানা শ্রেণির মানুষ এ আয়োজনে অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলকে কেন্দ্র করে গ্রামজুড়ে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতেই প্রতি বছর এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। বিশেষ করে রমজান মাসে একসঙ্গে ইফতার করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয় বলে তারা মনে করেন।
সংগঠনের সভাপতি রিয়াদ খান বলেন, “প্রতি বছরের মতো এবারও আমরা সংগঠনের সকলকে একসঙ্গে নিয়ে ইফতারের আয়োজন করেছি। শুধু নির্দিষ্ট স্থানে ইফতার আয়োজনই নয়, গ্রামের প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ইফতারের প্যাকেট পৌঁছে দেওয়া হয়েছে, যাতে কেউ বঞ্চিত না থাকে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও সংগঠনটি সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। রমজান মাসে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য।
এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এবং ইফতারি বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন। স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ আয়োজন গ্রামের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করেছে।
রাজীব আহেমদ: 

















