নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা, ব্যবসা পরিচালনা ও ঋণ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সফল নারী উদ্যোক্তাদের অভিজ্ঞতা নতুন উদ্যোক্তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে আইএফআইসি ব্যাংক পিএলসি, মাধবপুর শাখার উদ্যোগে ‘আইএফআইসি সমৃদ্ধি’ নারী উদ্যোক্তা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (০৫ অক্টোবর ২০২৬) আইএফআইসি ব্যাংক পিএলসি-এর মাধবপুর শাখায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকার নারী উদ্যোক্তা ও উদ্যোক্তা হতে আগ্রহী নারীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় ব্যাংক থেকে পূর্বে সিএমএসএমই ঋণ গ্রহণ করে সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন এমন নারী উদ্যোক্তারা তাঁদের ব্যবসায়িক অভিজ্ঞতা, ঋণ গ্রহণ ও সঠিকভাবে ঋণ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি যেসব নারী এখনো কোনো ধরনের ঋণ গ্রহণ করেননি অথবা ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে আগ্রহী, তাঁদের জন্য ব্যবসা শুরু, ব্যাংকিং সুবিধা গ্রহণ এবং ঋণ ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসি, মাধবপুর শাখার শাখা ব্যবস্থাপক কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, কাস্টমার সার্ভিস ম্যানেজার বাশার উদ্দিন, অফিসার: লোন পারফরমেন্স ম্যানেজমেন্ট মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, অফিসার: মার্কেটিং অ্যান্ড সেলস শান্ত লাল দাস এবং শাখা ও উপশাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় আলোচনা করা হয় দেশের অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তাদের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যাংকিং সহায়তা, সহজতর ঋণসুবিধা ও ব্যবসায়িক পরামর্শ প্রদানের মাধ্যমে তাঁদের এগিয়ে নিতে আইএফআইসি ব্যাংক কাজ করে যাচ্ছে। ‘আইএফআইসি সমৃদ্ধি’ কর্মসূচির মাধ্যমে নারী উদ্যোক্তাদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী ও সফল করে তোলার পাশাপাশি নতুন নারী উদ্যোক্তা তৈরিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা তাঁদের ব্যবসায়িক অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে ব্যাংকের সহযোগিতা ও পরামর্শ নিয়ে ব্যবসা সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি নারী উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে। কর্মশালা শেষে উপস্থিত নারী উদ্যোক্তাদের সার্টিফিকেট প্রদান করা হয়।
শামছুউদ্দীন সাগর, মাধবপুর: 

















