হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি অসাধারণ সাফল্য অর্জন করেছেন। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (AUW) উচ্চশিক্ষার জন্য তিনি প্রায় ৭৫ লাখ টাকা (৬০ হাজার মার্কিন ডলার) মূল্যের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৃত্তি পেয়েছেন।
গত ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান এক চিঠির মাধ্যমে জেমিকে বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। চার বছর মেয়াদি এ বৃত্তির আওতায় জেমি প্রতি বছর ১৫ হাজার মার্কিন ডলার করে পাবেন। এর মাধ্যমে তার উচ্চশিক্ষার প্রায় সম্পূর্ণ ব্যয় বহন করা হবে।
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর গত ২০ জুলাই থেকে জেমি শেভরন বাংলাদেশের সহায়তায় পরিচালিত এক মাসব্যাপী সামার স্কুল প্রোগ্রামে অংশ নেন। বিজ্ঞানভিত্তিক ইংরেজি মাধ্যমের এই বিশেষ কর্মসূচিতে অংশ নেওয়া তার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। তবে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের সঙ্গে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে সফলভাবে প্রোগ্রামটি সম্পন্ন করেন তিনি।
শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে মাত্র সাতজন শিক্ষার্থী এই মর্যাদাপূর্ণ বৃত্তি অর্জনের সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে দুজন শিক্ষার্থী সম্পূর্ণ বিনা খরচে ভর্তির সুযোগ পেয়েছেন, যার একজন জেমি।
জেমির বাবা আফজল আলী শায়েস্তাগঞ্জ পশ্চিম লেঞ্জাপাড়ার বাসিন্দা এবং একজন ক্ষুদ্র ব্যবসায়ী। নানা প্রতিকূলতার মধ্যেও কলেজ কর্তৃপক্ষের সহযোগিতা ও পরিবারের সমর্থনে জেমি জহুর চান বিবি মহিলা কলেজ থেকে ২০২৫ সালে এইচএসসি সম্পন্ন করেন।
বিজ্ঞানভিত্তিক ইংরেজি মাধ্যমের সামার স্কুলে অংশ নিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে জেমি দেখিয়েছেন, সুযোগ ও পরিশ্রম থাকলে সীমাবদ্ধতা অতিক্রম করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
জেমির এই অর্জন শুধু তার পরিবারের জন্য নয়, শায়েস্তাগঞ্জ তথা হবিগঞ্জের জন্যও গর্বের বিষয়। প্রায় ৭৫ লাখ টাকার এই বৃত্তি তার পরিবারের দীর্ঘদিনের সংগ্রাম, শিক্ষক-অভিভাবকদের সহযোগিতা এবং তার নিজের অদম্য প্রচেষ্টার স্বীকৃতি। তার এই সাফল্য দেশের তরুণ শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।
জেমির ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।
খন্দকার আলাউদ্দিন : 



















